প্রযুক্তি খাতের সুযোগ এনে দিয়েছে করোনা : টেলিকম মন্ত্রী

৪ জুলাই, ২০২০ ২২:৩১  
করোনাকালের ১০১ দিনের অভিজ্ঞতার বরাত দিয়ে দেশে খাদ্য ও ইন্টারনেটের প্রয়োজনীয়তা সমানতালে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জন্য প্রকাশিত এইচআর গাইডবুকের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন মন্ত্রী। শনিবার (৪ জুলাই) ওয়েবিনারে এই গাইড প্রকাশ অনুষ্ঠানে বেসিস-কে মেধাসম্পদ হ্যান্ডবুক, প্যাটেন্ট ও ট্রেডমার্ক মূল্যায়ন নির্দেশিকা তৈরির পরামর্শ দেন মন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সফটওয়্যার খাতের ৯৫ শতাংশের ভ্যালুয়েশনই মেধাসম্পদের। কিন্তু এটি বাজারমূল্যে অন্তর্ভূক্ত না হওয়ায় আমাদের সামনে যাওয়ার পথটিই বন্ধ করে দেয়া হয়। নতুন নতুন ব্যবসায় সুযোগ সৃষ্টি এবং মেধাসম্পদ মূল্যায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে বেসিস কার্য নির্বাহী কমিটিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বেসিস এর সাবেক এই সভাপতি। এসময় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, প্রক্তন সভাপতি শামীম আহসান, ফাহিম মাশরুর, হাবিবুল্লাহ এন করিমে, ভাইস প্রেসিডেন্ট শোয়েব আহমেদ মাসুদ প্রমুখ সংযুক্ত ছিলেন।